
নিউজ ডেস্কঃ কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গেছেন তার দলের চার সংসদ সদস্য। কারা হেফাজতে চিকিৎসাধীন খালেদার সঙ্গে সাক্ষাতের জন্য বুধবার (২ অক্টোবর) বিকেল ৩টায় তারা সেখানে যান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, এমপি গোলাম মোহম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা ৩টার দিকে ম্যাডামের সঙ্গে দেখা করতে হাসপাতালে ঢুকেছেন। এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর) বিএসএমএমইউ হাসপাতালে দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন বিএনপির তিন সংসদ সদস্য হারুনুর রশীদ, উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম। দেখা করার পর উকিল আব্দুস সাত্তার বলেন, একসঙ্গে সবাই দেখা করা যাবে না। সেজন্য আমরা তিনজন আজকে দেখা করলাম। বুধবার বাকিরা দেখা করবেন। হারুনুর রশীদ বলেন, ম্যাডাম খুব অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, বাস্তবিকই তার জামিন পাওয়ার যে নৈতিক অধিকার, এই অধিকার থেকে তাকে যেন বঞ্চিত করা না হয়।