
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ১৫ জন ভারতীয় জেলে আটক হয়েছেন। এসময় এফবি মা লক্ষ্মী নামে মাছ বোঝাই একটি ভারতীয় ফিশিং ট্রলারও জব্দ করা হয়। মোংলা বন্দর থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়। এই ঘটনায় বিএনএস মোংলা নৌঘাটির পেটি অফিসার মো. আবুল মঞ্জুর বাদী হয়ে আটক জেলেদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মংলা থানায় একটি মামলা করেছেন। মঙ্গলবার রাতে আটক জেলেদের বুধবার সকালে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। মোংলা থানা পুলিশ বুধবার দুপুরে আটকদের বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।