
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ১০ থেকে ১২টি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া এ সফরে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (৩ অক্টোবর) চারদিনের ভারত সফরে যাচ্ছেন। সফরকালে ঠিক কতটি সমঝোতা চুক্তি সই হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে ১০-১২ টি সমঝোতা চুক্তি সই হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সীমান্ত হত্যা প্রতিরোধ, উন্নয়ন-জ্বালানি খাতে সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ইত্যাদি নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রী আগামী ৬ অক্টোবর সফর শেষে দেশে ফিরবেন।