
নিউজ ডেস্কঃ পাবনার সুজানগরে পদ্মা নদীর পানি বাড়ায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে সুজানগর পৌরসভা, ভায়না, সাতবাড়িয়া, মানিকহাট, নাজিরগঞ্জ ও সাগরকান্দির ১১শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বুধবার দুপুরে সুজানগর পৌরসভার চর-সুজানগরে গিয়ে দেখা গেছে, প্রতিনিয়ত পদ্মার পানি বাড়ছে। এতে বসতবাড়ি, ফসলি জমি তলিয়ে যাচ্ছে। পরিবার পরিজন ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে মানুষ। সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম শামসুল আলম জানান, হঠাৎ করে পানি বেড়ে ওই ইউপির অনেক বসতবাড়ি তলিয়ে গেছে। এখনো সরকারি সহায়তা পৌঁছেনি। আশা করি, দ্রুত তাদের জন্য খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাবো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, আকস্মিক বন্যায় ওই উপজেলার ১১শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির পানিবন্দী এলাকাগুলো পরিদর্শন করেছেন। ভুক্তভোগীদের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।