
নিউজ ডেস্কঃ অপারেশনাল ও লজিস্টিকস কার্যক্রমে অনন্য সহায়তার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি বানৌজা তিতুমীরকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) দেওয়া হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বানৌজা তিতুমীরকে এই সম্মাননা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন ও ভূ-রাজনৈতিক বিবেচনায় একটি আধুনিক নৌবাহিনী গড়ে তুলতে তার স্বপ্নের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বদ্ধ পরিকর। দেশের অপার সমুদ্র-সম্পদ আর সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে ফোর্সেস গোল-২০৩০’র আলোকে নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক সারফেস ফ্রিট, সাবমেরিন, নেভাল অ্যাভিয়েশন ও নৌ-কমান্ডো স্কোয়াডস। একই সঙ্গে, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভিশন-২০৪১ প্রণয়নের কাজও এগিয়ে চলেছে।
আবদুল হামিদ বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের মধ্য দিয়ে বাংলাদেশের ভূ-খণ্ডের প্রায় সমপরিমাণ সমুদ্রসীমা অর্জন করেছি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ব্লু-ইকোনমির বিভিন্ন সম্ভাবনা বাস্তবায়নে দেশের এই প্রাকৃতিক সম্পদ আহরণ ও এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে, সকালে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি খুলনাস্থ বানৌজা তিতুমীর ঘাঁটিতে পৌঁছালে নৌবাহিনীর প্রধান এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, স্থানীয় সংসদ সদস্য, সেনা ও বিমান বাহিনী প্রধান, নৌ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌবাহিনীর সব নৌপ্রশাসনিক কর্তৃপক্ষ, মুক্তিযুদ্ধের নৌ কমান্ডোসহ বিশিষ্ট ব্যক্তি, দেশি-বিদেশি কূটনীতিক ও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা।