
নিউজ ডেস্কঃ বাংলাদেশে অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের কাছ থেকে মাদক ও বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় থানায় দুইটি মামলা দায়ের করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (০২ অক্টোবর) গুলশান থানায় মানি লন্ডারিং আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দু’টি দায়ের করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, গ্রেফতার সেলিম প্রধান এবং তার দু’সহযোগী আক্তারুজ্জামান ও রুমানের নামে দু’টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মাদক আইনে দায়ের করা মামলায় রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে। আর মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলার তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এদিকে সেলিম প্রধানের হেফাজত থেকে দু’টি হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই দণ্ডে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন বলেও জানান ওসি কামরুজ্জামান। এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র্যাব । মঙ্গলবার (০১ অক্টোবর) অভিযান শেষে র্যাব জানায়, অনলাইনে ক্যাসিনোতে জুয়াড়িদের টাকা তিনটি গেটওয়েতে জমা হত। সেলিম প্রধানের সহকারী মো. আক্তারুজ্জামান প্রতি সপ্তাহে সেসব গেটওয়ের টাকা তুলে সেলন, যমুনা ও কমার্শিয়াল তিনটি ব্যাংক অ্যাকাউন্টে জমা করতেন। এরপর সেসব টাকা হুন্ডির মাধ্যমে বা ব্যক্তির সঙ্গে করে বিদেশে চলে যেত। এমনকি বিভিন্নভাবে লন্ডনেও টাকা পাঠিয়ে আসছিলেন সেলিম প্রধান।