
নিউজ ডেস্কঃ পেঁয়াজের দাম বাড়িয়ে কেউ বাজার অস্থিতিশীল করতে চাইলে ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বুধবার (২ অক্টোবর) সকালে রাজধানীর পলাশী বাজার পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে। তবে পেঁয়াজের দাম কিছুটা বাড়তি থাকলেও অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। তিনি আরও বলেন, সরকারের বেঁধে দেওয়া দামে পেঁয়াজ বিক্রি করতে হবে। কেউ যদি ক্রেতার কাছ থেকে দাম বেশি নেয় তাহলে ভ্রাম্যমাণ আদালত আজ থেকে দক্ষিণ সিটি করপোরেশনের অভিযান পরিচালনা করবেন এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
মেয়র বলেন, কোনো পাইকারি ব্যবসায়ী পেঁয়াজ মওজুদ করলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো। প্রয়োজন হলে তার গুদাম সিলগালা করা হবে। সব ব্যবসায়ীকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্ধারিত মূল্যে এই পেঁয়াজ বিক্রি করতে হবে। নির্ধারিত মূল্য অনুযায়ী দেশি পেঁয়াজ পাইকাররা ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি করবেন এবং সেটা খুচরা ব্যবসায়ীরা ৯৬ থেকে ১০৮ টাকা দরে বিক্রি করবেন। এরচেয়ে বেশি কেউ দাম রাখলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে, কেউ বাড়িতে পেঁয়াজ কিনে চাপ সৃষ্টি করবেন না। দৈনন্দিন যতটুকু প্রয়োজন ততটুকুই কেনার আহ্বান জানান তিনি।