
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ করো কাছে হাত পেতে চলবে না। আমাদের দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। আমরা এখন নিজের পায়ে দাঁড়াবো। আজকে আমরা যে বাজেট দেই, সেই বাজেটের সমস্ত অর্থ আমরা নিজস্ব অর্থায়নে যোগান দিতে পারি। বিদেশি কিছু ঋণ সহায়তা থাকে। তবে সেটা খুবই সামান্য। বুধবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলসমূহের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাণিজ্যিক কার্যকম শুরু করেছে তাই আজ আমি খুবই আনন্দিত। এতদিন আপনারা দেশের বাইরে টাকা পাঠাতেন। এখন থেকে পরনির্ভরশীলতা থাকবে না। আমরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেলাম। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বারে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরী প্রমুখ। গত ২০১৮ সালের ১১ মে মহাকাশে উৎক্ষেপণের প্রায় ছয় মাস পর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর দায়িত্ব বুঝে পায় বাংলাদেশে স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিসিএসসিএল।