
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে চারদিনের সরকারি সফরে ভারতের নয়াদিল্লি যাচ্ছেন। তার এই সফরে দুই দেশের মধ্যে ১৮টি চুক্তি, সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি নিয়েছে ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তারা। যোগাযোগ, নৌ-পরিবহন, শিল্প, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, পর্যটন, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে এসব চুক্তি ও এমওইউ সই হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন বিষয়ে আলোচনা হতে পারে। কূটনৈতিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুরে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডাব্লিউইএফ)-এর ভারতীয় শাখা ইন্ডিয়ান ইকোনোমিক সামিট ২০১৯-এর ডায়ালগে অংশ নেবেন। পরদিন শুক্রবার বিকেলে সামিটের সমাপনী পর্বেও যোগ দেবেন। এই সামিটে প্রধানমন্ত্রী বিশেষ করে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীতসহ বাংলাদেশের সাম্প্রতিক সময়ের অগ্রগতি ও সমৃদ্ধি তুলে ধরবেন। এছাড়া সফররত সিঙ্গাপুরের ডেপুটি প্রধানমন্ত্রী হেং সুয়ে কেট শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। রবিবার দুপুরে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।