
নিউজ ডেস্কঃ রিয়াদের তিন দিনব্যাপী ওষুধ, চিকিৎসা সরঞ্জামাদি ও খাদ্যপণ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। সৌদির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ) এ মেলার আয়োজন করেছে। মঙ্গলবার (১ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর থেকে রিয়াদে এ মেলা শুরু হয়েছে। রিয়াদের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন এসএফডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হিসাম আল-জাদে। মেলায় ২০টি দেশের ৮০টি প্রতিষ্ঠান ও স্থানীয় ১২০টি প্রতিষ্ঠানসহ ২শ’র বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলা পরিদর্শনকালে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, সৌদি আরবে বাংলাদেশের ওষুধ ও খাদ্যপণ্যের চাহিদা রয়েছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বাড়ছে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবের বাজারে বাংলাদেশের ওষুধ ও খাদ্যপণ্যের পরিচিতি বৃদ্ধি পাবে। আগামীতে দেশের ওষুধ ও খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব হবে।