
নিউজ ডেস্কঃ কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে রাজধানীর হাইকোর্টের সামনের সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আবার দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন এ এলাকায় চলাচলকারী যাত্রী সাধারণরা। মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টি থামার ঘণ্টা পরেও এই সড়েকে এমন চিত্র দেখা যায়।এসময় প্রেসক্লাবের কদম ফোয়ারা মোড় থেকে শুরু করে মৎস ভবন পর্যন্ত জলাবদ্ধতায় পূর্ণ ছিল। আর জলাবদ্ধতার কারণে প্রেসক্লাব থেক শাহবাগ পর্যন্ত দীর্ঘ যানজট লক্ষ্য করা যায়। হাইকোর্টের সামনের রিকশা চালক লোকমানের সঙ্গে কথা বললে তিনি বলেন, শাহবাগ যাওয়ার জন্য একজন যাত্রী উঠিয়েছিলাম। জ্যাম দেখে যাত্রী নেমে হেঁটে চলে গেছেন। এখন আমি সামনেও যেতে পারছি না, পেছনেও দীর্ঘ সময় ধরে যানজটের কারণে অনেককে বাস থেকেও নেমে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা যায়।
মতিঝিলের উদ্দেশে রওনা হওয়া রফিক নামে এক পথচারী বলেন, বাস থেকে নেমে হেঁটে যাচ্ছি। কতক্ষণ আর বাসে বসে থাকা যায়। যাওয়ার তাড়া রয়েছে। তাই উপায় না দেখে পায়ে হেঁটেই যাচ্ছি। মতিঝিল থেকে সাভারগামী ওয়েলকাম পরিবহনের হেলপার হাসমত আলী বলেন, প্রায় ঘণ্টা দেড়েক হলো জ্যামে আটকে আছি। এই জ্যাম যে কখন ছুটবে, তার কোনো গ্যারান্টি নেই। বাসের সব যাত্রী নেমে গেছে, গাড়ি এখন খালি। শুধু হাইকোর্ট সড়ক নয়, শাহবাগ থেকে ফার্মগেট এবং অ্যালিফ্যান্ট রোডের দিকে যাওয়ার সড়কেও এসময় যানবাহনগুলোকে থমকে থাকতে দেখা যায়।