
নিউজ ডেস্কঃ দুর্নীতি এ দেশে আগেও ছিল। কিন্তু গত কয়েক দশকে তা রাষ্ট্র ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ছড়িয়ে পড়েছে, তা অকল্পনীয়। রাষ্ট্রীয় প্রশাসনের এমন কোনো স্তর নেই, যেখানে দুর্নীতি জাঁকিয়ে বসেনি। এতে জনকল্যাণে বরাদ্দ করা রাষ্ট্রীয় অর্থের বড় অংশেরই অপচয় হচ্ছে। রাজনীতিও চলে গেছে দুর্নীতিগ্রস্তদের কবজায়। রাজনীতিতে ‘কাউয়া’ ও ‘হাইব্রিডদের’ দৌরাত্ম্য বেড়েছে। ক্রমে রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেশের জন্য বড় শঙ্কার কারণ হয়ে উঠেছে। এ থেকে মুক্তি পেতেই হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দিন ধরেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে নানাভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তাতে কাজ হয়নি। অবশেষে তাঁকে কঠোর রূপই প্রদর্শন করতে হয়েছে। দেশব্যাপী দুর্নীতি, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। অনেক রাঘব বোয়াল ধরা পড়ছেন অভিযানে, তার মধ্যে ক্ষমতাসীন দল বা সহযোগী সংগঠনগুলোর অনেক নেতাকর্মীও রয়েছেন। অভিযান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে সাধারণ মানুষ। গত শনিবার নিউ ইয়র্কে প্রদত্ত এক সংবর্ধনাসভায়ও প্রধানমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। দুর্নীতি যে-ই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, নিজের দলের হলেও তাকে রেহাই দেওয়া হবে না। আমরা বিশ্বাস করি, দেশ যে সর্বনাশা পথে যাত্রা করেছে, তা থেকে দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, উন্নয়ন প্রকল্পগুলোর প্রতিটি টাকা যদি সঠিকভাবে ব্যবহার করা হতো, তাহলে দেশ আজ অনেক দূর এগিয়ে যেত। আমরা চাই, দেশের এগিয়ে চলার গতি আরো ত্বরান্বিত হোক। দুর্নীতির মাধ্যমে যাঁরা সেই গতি ব্যাহত করছেন, তাঁদের কঠোর শাস্তির মুখোমুখি করা হোক।