
নিউজ ডেস্কঃ হত্যা হুমকির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে আত্মসমর্পণমূলক জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। অন্য আসামিরা হলেন—দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়। আসামিদের পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারসহ আরও অনেকে জামিনের আবেদন করেন। বাদীপক্ষে আইনজীবী আবুল কালাম আজাদ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের এ আদেশ দেন। গত ৫ আগস্ট বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আদালতে এই মামলা দায়ের করেন। এরপর বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।