
নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হককে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দফতর। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান। তিনি বলেন, 'মাহমুদুল হকের বিরুদ্ধে অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে ডিএমপির হেডকোয়ার্টার্সের এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত থাকবেন।' মাসুদুর রহমান বলেন, 'এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত বোর্ড গঠন করা হয়। এ সংক্রান্ত প্রতিবেদন সদর দফতরে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে তাকে সাসপেন্ড করা হয়েছে।'