
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় সৈয়দ মো: মুন্না (৩৫) নামে থানা ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে ও এসিড দিয়ে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (৩০ সেপ্টম্বর) সন্ধায় সদর উপজেলার ফতুল্লা থানার বটতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরিবারের দাবি, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে মুন্নাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে। আহত মুন্না ফতুল্লা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মেরাজ হোসেন এর ছেলে। দাপা এলাকায় তারা বসবাস করছেন। মুন্না ফুতুল্লা থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং এলাকায় গার্মেন্টসের ওয়েস্টেজ ব্যবসায়ী বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহত মুন্নার ভাই শাওন জানান, বিএনপির রাজনীতির সাথে জড়িত স্থানীয় চাঁদাবাজ সাইফুল ও রকির সাথে মুন্নার ব্যবসায়িক বিরোধ ছিলো। সেই বিরোধের জের ধরে মুন্নাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে সোমবার সন্ধ্যায় পোস্ট অফিস রোডের বটতলা এলাকায় তার উপর অতর্কিত হামলা করে সাইফুল ও রকিসহ আরও বেশ কয়েকজন সন্ত্রাসী। সন্ত্রাসীরা মুন্নাকে এলাপাতাড়ি কুপিয়ে তার শরীরে ও মুখে এসিড দিয়ে ঝলছে দেয়। এ অবস্থায় মুন্নার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে পরিবারের স্বজনরা খবর পেয়ে মুন্নাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হামলার ব্যাপারে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসলাম হোসেন বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে থানায় অভিযোগও করেনি। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।