
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএন-উইমেন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ইউএন-উইমেনের প্রতিনিধিরা ‘শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধ’ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কর্মশালা শেষে বিশ্ববিদ্যালয়ে ‘যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে’ তিনটি কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরীকে চেয়ারম্যান, ইউএন-উইমেনের প্রতিনিধি শুকো ইশাকাওয়াকে কো-চেয়রম্যান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরকে সদস্য সচিব এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহারকে সদস্য করে উপদেষ্টা কমিটি গঠন করা হয়। লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসকে চেয়ারম্যান এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. তাসনিমা আক্তারকে ফোকাল পয়েন্ট করে ৯ সদস্য বিশিষ্ট টেকনিক্যাল কমিটি করা হয়। অন্য একটি কমিটিতে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহারকে আহ্বায়ক এবং ফার্মেসি বিভাগের প্রভাষক মানতাশা তাবাসসুমকে সদস্য সচিব করে যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে ৪ সদস্য বিশিষ্ট একটি ‘অভিযোগ কমিটি’ গঠন করা হয়।