
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মিলি আক্তার নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মাথাব্যথার চিকিৎসরা জন্য তিনি ওই হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কেয়ার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রোগীর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছে। নিহত মিলি আক্তার (৩০) সদর উপজেলার ফতুল্লা থানার পূর্ব সস্তাপুর এলাকার শাহ আলমের স্ত্রী। রোববার রাত নয়টার দিকে মাথা ব্যথার চিকিৎসার জন্য নিওরোলোজিস্ট বিশেষজ্ঞ ডা: জাহেদ আলীর তত্বাবধায়নে স্বজনরা তাকে এই হাসপাতালে ভর্তি করে।
নিহত মিলি আক্তারের মা মাসুদা বেগম জানান, প্রায় সময় তার মেয়ে মিলি মাথাব্যথার যন্ত্রণায় ভুগতেন। রোববার তার ব্যথা তীব্র হলে পপুলার মেডিকেল সেন্টারের নিওরোলোজিস্ট বিশেষজ্ঞ ডা: জাহেদ আলীর শরণাপন্ন হলে তিনি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। সে অনুযায়ী রোববার রাতেই তাকে কেয়ার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করে বলেন, সোমবার সকালের দিকে মিলির শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও হাসপাতাল কর্তৃপক্ষ সে সুযোগ দেয়নি। পরে দুপুর তিনটার দিকে হাসপাতাল থেকে তড়িঘড়ি করে মিলিকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেন এবং নিজেরাই অ্যাম্বুলেন্স এনে রোগীকে উঠিয়ে দেয়। কিন্তু তখন আমরা দেখি রোগী মৃত। মাসুদা বেগম অভিযোগ করে বলেন, আমরা ধারণা করছি মিলি তিনটার আগেই মারা গেছে। তবে বিষয়টি তারা আড়াল করেছেন। হাসপাতাল কৃর্তপক্ষ নিজেদের ব্যবসায়িক লাভের কথা ভেবে সকালে আমাদেরকে ছাড়েনি। আমরা মনে করি তাদের অতি মুনাফালোভী মনোভাবের কারণেই আমার মেয়ে বলি হয়েছে। এদিকে এ ঘটনার পর নিহত মিলির স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। তারা হাসপাতালটির দরজা জানালার কাঁচসহ বেশ কিছু অসবাবপত্র ভাংচুর করেন বলে জানা যায়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো: আসলাম হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। তবে, নিহতের লাশ স্বজনরা বুঝে নিয়ে গেছে। কেউ এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।