
নিউজ ডেস্কঃ থানায় সেবার মান বৃদ্ধির জন্য উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও সহকারী পুলিশ কমিশনারদের (এসি) ২/৩ ঘণ্টা করে থানায় বসার নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিএমপি কমিশনারের এমন নির্দেশনার প্রায় ১৫ দিন পর ডিএমপির ৮টি ক্রাইম বিভাগের একাধিক বিভাগ ও থানায় ঘুরে জানা যায়, আগের যেকোন সময়ের চেয়ে থানাতে নিয়মিত হয়েছেন সংশ্লিষ্ট বিভাগের ডিসি, এডিসি ও এসিরা। অভিযোগ ছিল, জনসাধারণের একটা বিরাট অংশ থানায় গিয়ে প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হন। আমলযোগ্য অপরাধ সংক্রান্ত অভিযোগও মাঝে মাঝে আমলে নেওয়া হয় না। এমনকি ভুক্তভোগীদের কাছ থেকে অনৈতিক সুবিধাও নিয়ে থাকে থানা পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, থানাগুলোর সেবার মান আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সেবাপ্রত্যাশীরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা থানায় নিয়মিত বসছেন। কোন কোন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন তারা আগে থেকেই থানাতে নিয়মিত ছিলেন। তবে ডিএমপি কমিশনারের নির্দেশনার পর আরও নিয়মিত হয়েছেন।