
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নতুন করে আরও ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৫২ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলায়। চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, পদ্মায় গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ০.৫৬ সেন্টিমিটার (বিপদসীমা ২২.৫০ সেমি) এবং মহানন্দায় গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ০.৫৮ সেন্টিমিটার (বিপদসীমা ২১ সেমি) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, জেলার সদর উপজেলার আলাতুলি, নারায়নপুর, চর অনুপনগর, শাহজাহানপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের নিম্মাঞ্চলে নতুন করে পানি প্রবেশ করেছে। এই ৫ ইউনিয়নের ২ হাজার ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর, মনাকষা, উজিরপুর, ধাইনগর, ঘোড়াপাখিয়া ও ছত্রাজিতপুর ইউনিয়নের নিমাঞ্চল প্লাবিত হয়েছে।