
নিউজ ডেস্কঃ ভারতের বিহার থেকে নেমে আসা বন্যার পানি ও টানা বৃষ্টিতে রাজশাহীর পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিদিন ৬ থেকে ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পাচ্ছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় পদ্মার রাজশাহী পয়েন্টে বিপদসীমার মাত্র ৫৮ সেন্টিমিটার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পদ্মার রাজশাহী পয়েন্টে বিপদসীমা ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার। সোমবার সকাল ৯টায় পানি ছিল ১৭ দশমিক ৯২ সেন্টিমিটার। বিহারে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। পাউবো’র মিটার গেজ মো. এনামুল হক বলেন, ‘রাজশাহীতে টানা ৭/৮ দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, তা খুব বেশি নয়। মূলত পাশ্ববর্তী দেশ ভারতের বিহারে চলমান বন্যার কারণে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বাড়ছে। সেখানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।’
এদিকে, পদ্মার পানি বৃদ্ধির ফলে জেলার বাঘা, গোদাগাড়ী, পবায় এলাকার পদ্মার চরের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বাঘার ১৫টি চরের প্রায় ২ হাজার পরিবার গত ৭ দিন ধরে পানিবন্দি রয়েছেন। পবা ও গোদাগাড়ীতে পদ্মার পানি বৃদ্ধিতে ভাঙনের কবলে পড়েছে পদ্মাপাড়ে বসবাসকারী মানুষ। বাঘায় পদ্মার পানি বৃদ্ধিতে চরাঞ্চল প্লাবিত হওয়ায় এরই মধ্যে ১১টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে। দু’টি স্কুল ভাঙনের কবলে পড়ার শঙ্কায় পড়েছে। স্থানীয় বাজার ও মসজিদও যেকোনো সময় বিলীন হতে পারে পদ্মায়।