
নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের দুই মাস পেরিয়ে গেলেও এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ দুটি মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ রয়েছে ৩ হাজার ৯৩৩ কোটি ২ লাখ টাকা। অন্যদিকে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের এক শতাংশও অর্থ খরচ করতে পারেনি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করেছে। অর্থ ব্যয়ের এমন গতির কারণে অর্থবছরের শুরু থেকে প্রকল্প বাস্তবায়নের যে উদ্যোগ তা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকনোমিস্ট ড. জাহিদ হোসেন।