News71.com
 Bangladesh
 30 Sep 19, 12:39 PM
 147           
 0
 30 Sep 19, 12:39 PM

দেশে আর কখনোই ১/১১ আসবে না : প্রধানমন্ত্রী

দেশে আর কখনোই ১/১১ আসবে না : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আর কখনোই যেন ১/১১ এর মতো ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য আগে থেকেই দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কের স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে জাতিসংঘ বাংলাদেশ মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এদিন লিখিত বক্তব্য পড়া শেষের আগেই সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যান শেখ হাসিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতির কারণে সমাজে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। শিশু থেকে শুরু করে সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে সমাজে নানা অরাজক পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে। তাই দুর্নীতি রোধের মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে।’ তিনি আরও বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারাই দুর্নীতি প্রশ্রয় দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে। আমরা প্রথমে জঙ্গিবাদবিরোধী অভিযান শুরু করেছিলাম। সেখানে আমরা যথেষ্ট সফলতা অর্জন করেছি। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এবার আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করলাম।’ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,‘দুর্নীতির কারণে সেটা নষ্ট হতে দেওয়া যায় না। প্রকল্পের প্রতিটি পয়সা যাতে যথাযথভাবে ব্যয় হয় সেই পদক্ষেপও নেওয়া হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন