
নিউজ ডেস্কঃ বরগুনা জেলার ৬ নম্বর বুড়িরচর গ্রামের বীথি আক্তার। নবম শ্রেণিতে পড়া অবস্থায় তার মতামত না নিয়েই পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়। এমনকি বন্ধ করে দেওয়া হয় স্কুলে যাওয়াও। কিন্তু তার প্রতিবাদের মুখে বন্ধ হয় বিয়ে। বীথি এই প্রতিবেদককে বলেন, 'আমি এখন আত্মবিশ্বাসী। আগে যে বিষয়গুলো সম্পর্কে জানতাম না, এখন বয়ঃসন্ধিকাল, বাল্যবিয়ে, জেন্ডার বৈষম্য, একতা, পরিবার পরিকল্পনা, যৌনরোগ, প্রজনন স্বাস্থ্য, যৌনরোগ প্রতিরোধের কৌশল, কিশোরী বয়সে গর্ভধারণের ঝুঁকি ইত্যাদি বিষয়ে জেনেছি। শুধু তাই নয়, গ্রামে তিন ভাগে বিভক্ত হয়ে সমবয়সীদের সঙ্গে নিয়ে সচেতনতামূলক কাজ করছি।'
এরই পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ২৯ মার্চ গ্রামের হিন্দুপাড়ার ঝন্টুর মেয়ে ১৮ বছরের কম বয়সী সেতুর বিয়ে ও একই গ্রামের কানন চন্দ্র শীলের মেয়ে চম্পার বাল্যবিয়ে বন্ধ করতে সক্ষম হন বীথি ও তার বন্ধুরা। তবে এ কাজে তাদের সহযোগিতা করেছিলেন ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। সাজেদার ঘটনাও ছিল একই রকম। বুড়িরচর ইউনিয়নের মহিঠা গ্রামের সানু মিয়ার মেয়ে সাজেদা। বাবা দিনমজুর হওয়ায় ১৪ বছর বয়সেই বিয়ে দিতে চেয়েছিলেন তাকে। কিন্তু মেয়ের প্রতিবাদের মুখে এ বিয়ে বন্ধ করতে বাধ্য হন সানু মিয়া। বর্তমানে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সাজেদা বলেন, 'বাল্যবিয়ে হওয়ার কারণে আমার বড় বোন প্রায় সময়ই অসুস্থ থাকতেন।
যখন আমি বুঝতে পারি বাল্যবিয়েই এর অন্যতম কারণ, তখনই শুরু হয় এর বিরুদ্ধে সংগ্রাম। বোনের এই করুণ পরিস্থিতি দেখেও আমার বাবা থেমে থাকেননি। আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে স্কুলের শিক্ষকসহ অন্যদের সহযোগিতায় বিয়ে বন্ধ করতে সক্ষম হই।' শিশু অধিকার নিয়ে যারা কাজ করছেন, সেসব সংগঠনের নেতারা জানান, বাল্যবিয়ে ছেলেমেয়ে উভয়েরই মানবাধিকার লঙ্ঘন করে। এর পরিণতিতে শুধু তারাই নয়, বরং ক্ষতিগ্রস্ত হয় পুরো পরিবার। প্রথম শিকার হয় শিশু, দ্বিতীয় শিকার নারী এবং তৃতীয় শিকার সমাজ।