
নিউজ ডেস্কঃ মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গতকাল রবিবার ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত হয়। দুপুরের পর থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিলেও বিকালে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। বাদ যায়নি ছুটি শেষে স্কুল থেকে বাসায় ফেরা শিক্ষার্থীরাও। রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধতার পাশাপাশি ছিল যানজটও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ দুই দিন বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।