
নিউজ ডেস্কঃ কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ‘হেপাটাইটিস-সি’ আক্রান্তের হার ১৩ শতাংশের বেশি। যেখানে বাংলাদেশিদের মধ্যে আক্রান্তের হার ১ শতাংশেরও কম। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক মন্তব্য করে দেশে ছড়িয়ে পড়ার আগেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে গবেষক দল।
গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি ‘ইউরেশিয়ান জার্নাল অব হেপাটো-গ্যাস্ট্রোএন্টারোলজি’তে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাপানি চিকিৎসা বিজ্ঞানী ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের নেতৃত্বে এই গবেষণা পরিচালিত হয়েছে। গবেষণায় উল্লেখ করা হয়েছে, বিশ্বে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে সংক্রমিত দশজনের নয় জনই জানেন না, তারা এই ভাইরাস বহন করছেন। হেপাটাইটিস-সি একটি নিরাময় অযোগ্য রোগ।