
নিউজ ডেস্ক: রাজধানীর অবৈধ জুয়ার আখড়া গড়ে উঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি সম্পৃক্ততা ছিল নেপালি নাগরিকদের। তাদের দ্বারা পরিচালিত হত ক্যাসিনো পাড়া। এই জন্য নেপালি এই নাগরিকরা পদ মর্যাদার ভিত্তিতে নিতেন মোটা অংকের টাকা। পেতেন থাকা-খাওয়াসহ নানা সুযোগ সুবিধা। সূত্র বলছে, রাজধানীতে যে কয়টি ক্যাসিনো ছিল। সবগুলো মিলে কমবেশি ২০০ জনের মতো নেপালি কাজ করতেন। এইজন্য তারা ৭০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত বেতন নিতেন। ১৮ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাসিনো বিরোধী অভিযান যখন শুরু করে। তখনই দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। তার একদিন পর অর্থাৎ ১৯ সেপ্টেম্বর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে প্রায় ১৩০ জন নেপালি নাগরিক বাংলাদেশ থেকে পালিয়ে যান। এই সূত্রে আরো জানা যায়, নেপালিরা বাংলাবান্ধা এবং ভারতের ফুলবাড়ী, এই দুই স্থলবন্দর ব্যবহার করে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেন। একদিনেই ভারতের ভেতর দিয়ে ৬১ কিলোমিটার দূরে নেপালের কারকরভিটা স্থলবন্দর পৌঁছান তারা। তারপর সহজেই নেপালে প্রবেশ করেন।