
নিউজ ডেস্কঃ মাদারীপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে ৪১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৪শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শত (এসআই) প্রভাষ কুমার মামলাটি দায়ের করেন। এদিকে আটক সাত জনকে বিকেলে আদালতে হাজির করা হয়। এর আগে, শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন নিয়ে সংঘর্ষে জড়ায় জেলা ছাত্রলীগের দু’গ্রুপ।পুলিশ জানায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার সকালে আনন্দ মিছিল নিয়ে সরকারি নাজিমউদ্দিন কলেজ ক্যাম্পাসে জড়ো হয় জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিকের সমর্থকরা। কিছুক্ষণ পরে সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভীরের সমর্থকরা আলাদা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এ নিয়ে প্রথমে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসের ভেতরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ছয় পুলিশসহ আহত হন অন্তত ৪০ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। এদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আটক সাত জনকে আদালতে পাঠানো হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নাজির আহম্মেদ তাদের কারাগারে পাঠানো আদেশ দেন। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটক সাত জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। মামলায় এজাহারভুক্ত আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।