
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ৯ জেলে আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জেলেকে রবিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়ার দক্ষিণে গভীর সাগরের মৌডুবি বয়া এলাকায় জাল ফেলে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। বজ্রাঘাতের শিকার ফিসিংবোট এফবি আরিফুলের মালিক শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের মোঃ আলামিন তালুকদার জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার বোটের জেলেরা সাগর থেকে জাল টেনে বোটে উঠাচ্ছিলেন। এ সময় ঝড়োবাতাসের সঙ্গে হঠাৎ করে তার বোটের ওপর বজ্রপাত হয়। ফলে ৯ জেলে কমবেশী আহত হন। তাদের মধ্যে ৪ জন গুরুতর আহত হন। আহত বেশীর ভাগ জেলের দেহে ঝলসে গেছে। অনেকে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে। বজ্রপাতে ফিসিংবোটের ব্যাটারি বিষ্ফোরিত হয়ে বোটের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ খায়রুল বাসার জানান, আহত জেলেদের দুজনের শরীর আগুনে পোড়া এবং দুজন কানে শুনতে পারছেন না। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।