
নিউজ ডেস্কঃ দুই গ্রামের বিরোধের জের ধরে মমিন খাঁ (৪৫) নামের ফরিদপুরের এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ফরিদপুরের সীমান্তবর্তী জেলা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ ইউনিয়নের নটাখোলা গ্রামে পদ্মা নদীর চরাঞ্চলে এ ঘটনা ঘটে। মমিন খাঁ ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের জলিল মোল্লাডাঙ্গী গ্রামের সুলতান খাঁর ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ের বাবা। নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, সকালে মমিন খাঁ মানিকগঞ্জের নটাখোলার বাজারে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য মানিকগঞ্জের হরিরামপুর থানায় বার্তা পাঠানো হয়েছে।