
নিউজ ডেস্কঃ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য (ভিসি) খোন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি। একই সঙ্গে তার বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে ভিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুপারিশসহ মোট তিনটি সুপারিশ করা হয়েছে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রতিবেদনটি ইউজিসির চেয়ারম্যানের কাছে জমা দেয় সংস্থাটির তদন্ত কমিটি। পরে আজই সেটি বিশেষ ব্যবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করে সকলের সঙ্গে কথা বলে তদন্ত প্রতিবেদন তৈরি করেছি। সেটি ইতোমধ্যে ইউজিসি চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি, এবং তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সেখানে গিয়ে বিশ্বিবিদ্যালয় পরিচালনার জন্য ভালো কিছু আমরা দেখিনি। সুতরাং বিশ্ববিদ্যালয়ের জন্য যেটি মঙ্গলজনক হবে সেটিই আমরা সুপারিশ করেছি। এ বিষয়ে শক্ত প্রতিবেদনই আমরা দিয়েছি। কারণ, আমাদের কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ নাই।’
তদন্ত প্রতিবেদনে ভিসি খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে করা সুপারিশগুলো হলো- ভিসি খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে তার প্রমাণ হয়েছে, তিনি (ভিসি খোন্দকার নাসির উদ্দিন) বিশ্ববিদ্যালয় পরিচালনায় যোগ্য নয়, তাই তাকে ভিসি পদ থেকে সরিয়ে দেয়া এবং তার বিরুদ্ধে আনা বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় সেসব বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ। উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় চিঠি পাওয়ার পরদিন ২৪ সেপ্টেম্বর ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আলমগীরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।