
নিউজ ডেস্কঃ মাদক আমদানিতে সহযোগিতা ও শুল্ক ফাঁকিতে বাধ্য করতে কাস্টমস কমিশনারকে হুমকির প্রতিবাদে দুদকের সাবেক উপ পরিচালক আহসান আলীকে আটকের দাবিতে মানব বন্ধন করেছে বন্দর, কাস্টমস ও বাণিজ্যিক সংগঠনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা ঘোষণা করে, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট, আমদানিকারক এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মীসহ কাস্টমস ও বন্দর কর্মকর্তারা।
জানা যায়, দুদকের সাবেক উপ-পরিচালক আহসান আলীর অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিতু এন্টারপ্রাইজ ও জেডএইচ করপোরেশন নামে ৩১টি পণ্য চালানে দুই কোটি দুই লাখ ৩৪ হাজার ৭০৮ টাকা শুল্ক ফাঁকি দেওয়ার জন্য টেলিফোনে কমিশনার বেলাল হোসেন চৌধুরীকে চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে গত বছরের ১৯ নভেম্বর তিনি কমিশনারের কক্ষে উপস্থিত হয়ে আবারও চাপ প্রয়োগ করে হুমকি দেন। এবং বেনামি অভিযোগপত্র দুদক ও এনবিআরসহ বিভিন্ন দফতরে বিতরণ করেন। আমদানি চালানে সুবিধা করতে না পেরে তিনি ভায়াগ্রা চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত হন।