
নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ অক্টোবর সরকারি সফরে ভারতের রাজধানী দিল্লিতে আসছেন। শুরুতে তিন দিনের এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ইন্ডিয়া ইকনোমিক সামিটে’ যোগদান। তবে পরে ভারতের অনুরোধে এতে ‘দ্বিপাক্ষিক মাত্রা’ও যোগ করা হয়েছে। এর ফলে এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও শেখ হাসিনার একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। শুধু তা-ই নয়, আগামী ৫ অক্টোবর দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর দিল্লির হায়দরাবাদ হাউসে একগুচ্ছ চুক্তি ও সমঝোতা সই হবে বলে আশা করা হচ্ছে। ফলে ঠিক আড়াই বছর পর দিল্লিতে শেখ হাসিনার সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আলাদা মাত্রা যোগ করবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। এর আগে ২০১৭ সালের ৭ থেকে ১০ এপ্রিল দিল্লি সফর করেন শেখ হাসিনা।