
নিউজ ডেস্কঃ লন্ডনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের কোটি কোটি টাকা বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। সৎ ছাত্র রাজনীতির কথা বলা এবং নিজেকে একটি সাধারণ পরিবারের সন্তান দাবি করা এই সাবেক ছাত্রনেতা বর্তমানে লন্ডনে বেশ কয়েকটি কোম্পানির মালিক। অনুসন্ধানে ব্রিটিশ সরকারের কাছে নাজমুলের কোটি কোটি টাকার নিবন্ধিত বিনিয়োগ রয়েছে বলেও জানা গেছে। তার নামে ব্রিটেনের কোম্পানি হাউজে আবাসন, গাড়ির এক্সিডেন্ট ক্লেইম ম্যানেজমেন্ট, পণ্যের পাইকারি বিক্রেতা, বিজ্ঞাপন, চাকরিদাতা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের ছয়টি কোম্পানির অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে দুটি কোম্পানির পরিচালক পদে তিনি বর্তমানে নেই। বাকি চারটি কোম্পানির মধ্যে একটির একক পরিচালক এবং আরও তিনটি যৌথ পরিচালক হিসেবে তিনি রয়েছেন।
একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে বর্তমানে সিদ্দিকী নাজমুল আলম বিনিয়োগকারী ভিসায় যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই ভিসা পাওয়ার যোগ্যতা হিসেবে ব্রিটিশ সরকারের আইনে বলা আছে, ন্যূনতম দুই লাখ পাউন্ড যা বাংলাদেশি টাকায় দুই কোটির বেশি বিনিয়োগ করতে হবে। নাজমুলের বিলেতে বিলাসবহুল জীবন ও আর্থিক উৎসের নানা কাহিনী নিয়ে খোদ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই এখন কানাঘুষা চলছে।