
নিউজ ডেস্ক: রাজধানীতে পুলিশের নাকের ডগায় ক্যাসিনোর বিস্তার নিয়ে জোর সমালোচনা চলছে। অভিযোগ উঠেছে সদ্যবিদায়ী ডিএমপি কমিশনারসহ গত কয়েক বছর ধরে বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করা কর্মকর্তাদের সবাই ক্যাসিনোর কথা জানতেন। এসব বন্ধে উদ্যোগ না নিয়ে তারা বরং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে উল্টো মাসোহারা নিতেন। এ অবস্থায় ইমেজ সংকটে পড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন সদ্যনিযুক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
জানা গেছে, এরই মধ্যে ক্যাসিনোর সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের তালিকা করে ডিএমপি থেকে তাদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সদর দফতর থেকে স্বয়ং মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিষয়টি তদারকি করছেন। জানতে চাইলে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি। এছাড়া যারা অ্যারেস্ট হয়েছেন, তারা কিছু বক্তব্য দিয়েছেন। আমরা ফিল্ড থেকে পাওয়া তথ্যসহ সব মিলিয়ে অবশ্যই ব্যবস্থা নেবো। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’