
নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রত্যাশার প্রতিফলন ঘটলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে। মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তি ঘটলো ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রবাসী নাগরিক সংবর্ধনা’ সমাবেশে। এখানে সভাপতিত্ব করেছেন শেখ হাসিনা নিজে এবং সভা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। মঞ্চে উপবেশন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। বক্তব্য দিয়েছেন শুধুমাত্র শেখ হাসিনা। ৩ বছরের জন্য অনুমোদিত কমিটির বর্তমান বয়স ৮ বছর। এই কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, মিথ্যাচারসহ নানা অভিযোগ উত্থাপন করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘের ৭৩তম অধিবেশনে শেখ হাসিনার জাতিসংঘ সফরকালে প্রদত্ত নাগরিক সংবর্ধনা সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত ‘নো মোর সিদ্দিক’ স্লোগান উঠেছিল। অনেকেই আশা করেছিলেন যে, এই স্লোগানের পরই সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি থেকে সরে দাঁড়াবেন। অধিকন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এই সভাপতি আরো বেপরোয়া হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বাকসুর জিএস ড. প্রদীপ করের নেতৃত্বে একদল ক্ষুব্ধ নেতা-কর্মী গত কয়েক সপ্তাহে বেশ কটি সংবাদ সম্মেলন এবং লাগাতার র্যালির মাধ্যমে অভিযোগ করেন। বিষয়টি আঁচ করতে পেরেই দলীয় সভাপতি শেখ হাসিনা সংবর্ধনা সমাবেশ থেকে সিদ্দিকুর রহমানকে দূরে থাকার নির্দেশ দেন। এ ঘটনা সংবর্ধনা সমাবেশে উপস্থিত সকল নেতা-কর্মীর মধ্যে স্বস্তি এনেছে। এখন তারা আশায় রয়েছেন ভালো একজন সংগঠকের নেতৃত্বে নতুন কমিটির।