News71.com
 Bangladesh
 29 Sep 19, 12:36 PM
 158           
 0
 29 Sep 19, 12:36 PM

শুধু আওয়ামী লীগ নয় বিএনপি নেতাদের সম্পদের তথ্যও বের করা হবে॥ মন্ত্রী ওবায়দুল কাদের

শুধু আওয়ামী লীগ নয় বিএনপি নেতাদের সম্পদের তথ্যও বের করা হবে॥ মন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ শুধু আওয়ামী লীগ নয় বিএনপি নেতাদের সম্পদের তথ্যও বের করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা যে অবৈধ সম্পদ বানিয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করা হবে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা বলেন সেতুমন্ত্রী। নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টি স্রেফ গুজব জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়টি পুরোই গুজব। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে। নিরাপদ সড়কের বিষয়ে গঠিত টাস্কফোর্সের কাজ শিগগিরই শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, টাস্কফোর্সের কাজ এখনো শুরু হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীও কমিটিতে রয়েছেন, খুব শিগগিরই কমিটি কাজ শুরু করবে।

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কষ্টদায়ক মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনী আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকল্পের কাজ করছে। কাজ নির্ধারিত সময়ের ৬ মাস আগেই চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। বর্তমানে কাজের অগ্রগতি ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। এটি চালু হলে জনগণ উপকৃত হবে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। আন্ডারপাস নির্মাণের সময় ধরা হয়েছিল ২০২০ সালের জুন মাস। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বর মাসেই সেনাবাহিনী প্রকল্পের কাজ শেষ করবে। ৫৭ কোটি টাকা ব্যয়ে এ আন্ডারপাস নির্মাণ কর হচ্ছে। বাংলাদেশে প্রথম পুশ ব্যাক পদ্ধতিতে এ আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। এসময় সেনাবাহিনীর প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন