
নিউজ ডেস্কঃ গণস্বার্থবিরোধী প্রোডাকশন শেয়ারিং কট্রাক্ট (পিএসসি) ২০১৯ বাস্তবায়নের অপচেষ্টা আন্দোলনের মাধ্যমেই প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন। গ্যাস রপ্তানিমুখী পিএসসি-২০১৯ ও সুন্দরবনবিনাশী সকল প্রকল্প বাতিল এবং জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাতীয় কমিটির উদ্যোগ (২৮ সেপ্টেম্বর ) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারই অংশ হিসেবে ঢাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আনু মুহাম্মদ বলেন, ২০০১ সালে ‘গ্যাসের ওপরে ভাসছে দেশ একথা বলে প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাস রপ্তানির চেষ্টা করা হয়েছিল। ২০১২ সালে সমুদ্রের গ্যাস রপ্তানি চুক্তি বাস্তবায়নের চেষ্টাও করা হয়েছিল। জনগণের আন্দোলনের ফলে গ্যাস রপ্তানির এই অপচেষ্টা সফল হয়নি। আবার সমুদ্রের গ্যাস রপ্তানির বিধান রেখে প্রোডাকশন শেয়ারিং কট্রাক্ট (পিএসসি) ২০১৯ পাশ করা হয়েছে। সরকার তার অবস্থান থেকে সরে না এলে গণস্বার্থবিরোধী পিএসসি বাস্তবায়নর অপচেষ্টা আন্দোলনের মাধ্যমেই প্রতিহত করা হবে। বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত এই সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।