
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গড়ে ওঠা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চালু হতে যাচ্ছে দেশের প্রথম স্কিন ব্যাংক। শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে প্রতিষ্ঠানটির বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা জানাতে শনিবার এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ইন্সটিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন। তিনি বলেন, “বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন স্কিন ব্যাংক সুবিধা চালু হতে যাচ্ছে এখানে, ফলে এই প্রতিষ্ঠান বেশি পোড়া রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এটি যুগান্তকারী ভূমিকা পালন করবে।” স্কিন ব্যাংকে মৃতব্যক্তির চামড়া বা ত্বক সংরক্ষণ করা হয়। সেই চামড়া পোড়া রোগীদের প্লাস্টিক সার্জারি, এসিড দগ্ধ রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়। সামন্ত লাল সেন বলেন, “এটি বাংলাদেশের একমাত্র সরকারি হাসপাতাল, যেখানে রয়েছে হেলিপ্যাড। যাতে জরুরি ভিত্তিতে রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।” অনুষ্ঠানে আধুনিক সুবিধার বিষয়ে জানান হাসপাতালের পরিচালক আবুল কালাম।