
প্রযুক্তি ডেস্কঃ দেশের সকল টেলিভিশন চ্যানেল আগামী ২ অক্টোবর থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে পূর্ণাঙ্গভাবে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ শনিবার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২ অক্টোবর দেশের ৩৪টি টেলিভিশন চ্যানেলের সবকটির জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। তিনি বলেন, বর্তমানে স্থানীয় টিভি চ্যানেলের অধিকাংশই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সফলভাবে তাদের আনুষ্ঠান সম্প্রচার করছে।
ড. শাহজাহান বলেন, ‘আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সামর্থ্যরে ৪০ শতাংশ বিক্রি করেছি। আগামী দিনগুলোতে বাকি সামর্থ্যও বিক্রির আশা করছি।’ এক প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করেন যে, তারা আট বছরের মধ্যে দেশীয় বাজার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পুরো টাকা উঠিয়ে আনতে পারবেন। এর আগে গত ১৯ মে বিসিএসসিএল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টিভি, যমুনা টিভি, দীপ্ত টিভি, বিজয় বাংলা, বাংলা টিভি ও মাই টিভির সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার নিয়ে একটি চুক্তি করে। পাশাপাশি বিটিভির চারটি চ্যানেল অনুষ্ঠান সম্প্রচারে এই স্যাটেলাইট ব্যবহার করছে। টিভি চ্যানেলগুলোর জন্য ডাইরেক্ট টু হোম সাভির্সসহ স্যাটেলাইটগুলো পরিচালিত হবে।