
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে র্যাবের দুর্নীতিবিরোধী অভিযানে একের পর এক অবৈধ ক্যাসিনো, মাদক আখড়া ও জুয়াড়িদের ক্লাব উদ্ঘাটন হচ্ছে। ক্যাসিনো–কাণ্ডে গ্রেফতার যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীমের (জি,কে শামীম) এক দেহরক্ষী বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত হন। আরেকজন চাকরিচ্যুত হন সেনাবাহিনী থেকে। এই দুজনসহ সাত দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়। আটকের আগে জি কে শামীম চলতেন আগে–পিছে দেহরক্ষী নিয়ে। সার্বক্ষণিক সঙ্গে থাকত অস্ত্রধারী ছয় দেহরক্ষী।
শামীমকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তাঁর দেহরক্ষীদের মধ্যে একজন বিডিআর বিদ্রোহের পর বিভাগীয় ব্যবস্থায় চাকরিচ্যুত যশোরের কোতোয়ালির বাসিন্দা শহিদুল ইসলাম। চাকরি হারিয়ে কিছুদিন বাড়িতে বসে ছিলেন। পরে যোগ দেন জি কে শামীমের দেহরক্ষী হিসেবে। ভোলার কামাল হোসেনও বিডিআর থেকে অবসর নিয়ে শামীমের সঙ্গে যোগ দেন। তাঁর নামেও অস্ত্রের লাইসেন্স ছিল। আরেক দেহরক্ষী সেনাবাহিনীর চাকরিচ্যুত সৈনিক গোপালগঞ্জের মুরাদ হোসেন এলাকায় গিয়ে অস্ত্রের লাইসেন্স করেন। সেই লাইসেন্স নিয়ে তিনি জি কে শামীমের দেহরক্ষী হিসেবে যুক্ত হন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, জি কে শামীমের কয়েকজন দেহরক্ষীর নামে ছিল অস্ত্রের লাইসেন্স। অথচ অস্ত্র বিধিমালা অনুসারে নিজের নামে থাকা অস্ত্রের লাইসেন্স নিয়ে অন্যকে পাহারা দেওয়া যায় না। এতে লাইসেন্স বাতিল হয়ে যাবে।