
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্যসচিব লোকমান হোসেন ভূঁইয়া ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। চলতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখার জন্য জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারকে অন্তত পাঁচটি ম্যাচের টিকিট দিয়েছেন লোকমান। যুক্তরাজ্যে বসবাসরত ছাত্রদলের সাবেক এক নেতা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। লোকমান হোসেন ভূঁইয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার খেলার আগেই তারেক রহমানের বাসায় গিয়ে নিজ হাতে পাঁচটি টিকিট হস্তান্তর করেন। এগুলো আইসিসি থেকে পাওয়া বিসিবির সৌজন্য টিকিট ছিল বলেও সূত্রটি জানায়। তারেক রহমান ও তার পরিবার এই টিকিট ব্যবহার করে বাংলাদেশের বেশ কিছু খেলা সরাসরি মাঠে গিয়ে উপভোগ করেন।
লোকমান হোসেন ভূঁইয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ। এ কথা পাপন স্বীকারও করেছেন। তবে লোকমানের অন্ধকার জগৎ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। পাপন বলেছেন, ‘আমি যে লোকমানকে চিনি সে জীবনেও মদ খায়নি। সে জীবনে কোনো দিন জুয়া খেলেনি। এটা যেমন সত্যি আবার এও সত্যি যে সে ক্যাসিনো ভাড়া দিয়েছে। এখানে অস্বীকার করার তো কোনো পথ নেই। সে যদি করে থাকে তাহলে তার বিচার হবে।