News71.com
 Bangladesh
 27 Sep 19, 10:29 PM
 99           
 0
 27 Sep 19, 10:29 PM

প্রকৃত দুর্নীতিবিরোধী অভিযান হলে সরকারের পতন ঘটবেঃ জেএসডি  

প্রকৃত দুর্নীতিবিরোধী অভিযান হলে সরকারের পতন ঘটবেঃ জেএসডি   

নিউজ ডেস্কঃ ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানে সরকারের পাপ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। শুক্রবার চট্টগ্রামের লাভ লেনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রামের যৌথ প্রতিনিধি সভায় জেএসডির সহসভাপতি তানিয়া রব এ কথা বলেন। তিনি বলেন, প্রকৃত দুর্নীতিবিরোধী অভিযান শুরু হলে স্বয়ংক্রিয়ভাবেই সরকারের পতন ঘটবে। এই পুলিশি অভিযান লোক দেখানো চমক, দুর্নীতিবিরোধী অভিযান নয়। তানিয়া রব বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার দাপটে কপর্দকহীন থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়ার 'পরশপাথর' এই সরকারের দান। দেশের উন্নয়নের আড়ালে দলীয় ক্যাডারদের উন্নয়ন হয়েছে, তা এখন প্রমাণিত।

তিনি আরও বলেন, দেশে দুই ধরনের শাসন ব্যবস্থা চালু করেছে সরকার। জনগণের জন্য আইন প্রয়োগে কঠোর ব্যবস্থা আর সরকারি দলের জন্য বেআইনি সব সুযোগ-সুবিধা। তানিয়া রব বলেন, এবার সময় এসেছে অতীতের পাপ থেকে জাতিকে মুক্ত করার, ঘুণে ধরা শাসন ব্যবস্থা বদল করে-অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এ জন্য ১০ দফা বাস্তবায়নের সংগ্রাম গড়ে তুলতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। চট্টগ্রাম মহানগর জেএসডির সভাপতি গোলাম জিলানী চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক ডা. জবিউল হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন