News71.com
 Bangladesh
 27 Sep 19, 07:15 PM
 119           
 0
 27 Sep 19, 07:15 PM

বিচারের কাঠগড়ায় আ'লীগের হঠাৎ ধনী হয়ে যাওয়া নেতারা॥ প্রধানমন্ত্রী আসার পর চুড়ান্ত সিদ্ধান্ত

বিচারের কাঠগড়ায় আ'লীগের হঠাৎ ধনী হয়ে যাওয়া নেতারা॥ প্রধানমন্ত্রী আসার পর চুড়ান্ত সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ মাদক ও ক্যাসিনো বিরোধী অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে আটকরা ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যম সারির নেতা। চলমান অভিযানে দুর্নীতিগ্রস্ত কিছু নেতা ক্ষুব্ধ হলেও সাধারণ মানুষের কাছে তা প্রশংসিত হয়েছে। জনগণের সামনে এসেছে কিছু মানুষের দুর্নীতির চাঞ্চল্যকর সব তথ্য। মাদক ও ক্যাসিনো ব্যবসা এবং টেন্ডারবাজির অন্ধকার জগতের শিউরে ওঠা তথ্যে চমকে উঠেছেন অনেকেই। এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পরিধি প্রতিনিয়তই বাড়ছে। এর ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

দলীয় একাধিক সূত্রে জানা গেছে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ পথে অঢেল বিত্ত-বৈভবের মালিক বনে যাওয়া দল ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কমপক্ষে ১০০ দুর্নীতিগ্রস্ত ব্যক্তির নামের তালিকা এখন প্রধানমন্ত্রীর টেবিলে। বিশেষ করে গত ১১ বছরে হঠাৎ করেই যারা ‘আঙুল ফুলে কলাগাছ’-এ পরিণত হয়েছেন তাদের মনে ভয়- কখন কী হয়! প্রশাসনের নজর এড়াতে এদের অনেকে গা ঢাকা দিয়েছেন, কেউ বা নীরবে বিদেশ চলে গেছেন আবার কেউ বিদেশে পাড়ি জমাতে গোপন চেষ্টায় লিপ্ত। তবে আওয়ামী লীগ নেতাদের মতে, র‌্যাব-পুলিশের চলমান অভিযানে দলীয় নেতা-কর্মীরা ধরা পড়লেও এতে দলের ‘ইমেজ’ ভালো হচ্ছে। আর এই সাফল্যের কৃতিত্বের দাবিদার দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স‘ নীতি প্রশাসনকে অভিযান পরিচালনায় সাহস ও উৎসাহ জুগিয়েছে বলে অভিমত তাদের।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ঢাকার ক্যাসিনোগুলোর টাকার ভাগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এমনকি আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতা পেতেন। বিশেষ করে ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাব, ওয়ান্ডারাস ক্লাব, ধানমন্ডি ক্লাবের ক্যাসিনোতে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের ১০ জন নেতা নিয়মিত যাতায়াত করতেন। এদের মধ্যে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক পর্যায়ের নেতাও রয়েছেন। এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত কয়েকজন সংসদ সদস্য, প্রশাসনের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারাও ক্যাসিনোগুলো থেকে উপার্জিত অবৈধ অর্থের ভাগ নিতেন। তাদের পক্ষে মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতা, থানা ও ওয়ার্ড কমিটি পর্যায়ের কয়েকজন নেতাও কাজ করতেন। পুরো চক্রটি ঢাকার অপরাধ জগত তথা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন