
নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশের সীমানার ভেতর যেখানেই অবৈধ ক্যাসিনোর খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে। দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন সে অভিযান চলবে। দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন।’ আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আখাউড়ায় রক্তদানের সংগঠন ‘আত্মীয়’ এর রক্তদাতা নিবন্ধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “তাদের (বিএনপি) চেয়ারম্যান এতিমের টাকা চোর। আদালতে সাব্যস্ত হয়ে জেল হয়েছে। মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত। তিনি মুচলেকা দিয়ে বলেছেন, ‘আমি অপরাধী। আমাকে মাফ করে দেন। বিদেশ পাঠিয়ে দেন’। সেই দলের নেতারা এখন পর্যন্ত দুর্নীতিবাজ চেয়ারম্যান, কো-চেয়ারম্যানকে বদলাতে পারেনি। তাদের মুখে ক্যাসিনো নিয়ে কথা মানায় না।’