
নিউজ ডেস্কঃ সংকট থাকায় খুচরা বাজারে হু হু করে বেড়ে যায় পেঁয়াজের দাম। গিয়ে ঠেকে ৮০ টাকায়। যা মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করে। একইসঙ্গে টিসিবি খুচরা ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করে। এতে করে কয়েকদিনের মধ্যেই ১০ টাকা কমে ৭০ টাকা কেজিতে চলে এসেছিল পেঁয়াজ। কিন্তু সপ্তাহের ব্যবধানে ফের ১০ টাকা করে বেড়ে গেছে নিত্যপণ্যটির দাম। আবার বিক্রি হতে দেখা গেছে ৮০ টাকা কেজি দরে। তবে কিছুটা কমেছে আদা-রসুনের দাম। ভারতে রপ্তানির কথা থাকলেও এর কোনো প্রভাব নেই ইলিশের বাজারে। ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ ধরা পড়ায় বরং সপ্তাহের ব্যবধানে নিম্নমুখী রয়েছে মাছটির দর। একইভাবে দাম কমেছে অন্যান মাছ ও বিভিন্ন সবজির। তবে অপরিবর্তিত রয়েছে নানা শাকের দাম। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
রাজধানীর শান্তিনগর, সেগুনবাগিচা, মালিবাগ, মালিবাগ রেলগেট ও কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, গাজর ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে। এ হিসেবে কিছুটা কমেছে এ সপ্তাহে। এক সপ্তাহ আগে টমেটো ছিল ৯০ থেকে ১১০ টাকা কেজি। আর গাজার বিক্রি হয়েছিল ৭০ থেকে ৮০ টাকায়। একইভাবে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত কমে পটল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা করে। একইসঙ্গে ঝিঙা ৪০ থেকে ৫০ টাকা, করলা ও উস্তা ৪০ থেকে ৭০ টাকা, কাকরোল ৩৫ থেকে ৫০ টাকা, বেগুন ৩৫ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪৫ টাকা, শসা (হাইব্রড) ৩০ থেকে ৪০ টাকা, শসা (দেশি) ৪০ থেকে ৫০ টাকা, কচুর ছড়া ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৬০ টাকা, পেঁপে ৩০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। অন্যদিকে, পূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্দ চূড়ান্ত হয়েছে। এরপরও ইলিশের বাজারে কোনো প্রভাব পড়েনি। বরং দাম কমেছে কিছুটা। এসব বাজারে এক কেজি ওজনের ইলিশ এক হাজার থেকে ১১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।