
নিউজ ডেস্কঃ ক্যাসিনোর সরঞ্জাম আমদানি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। দেশে ক্যাসিনো নিষিদ্ধ হলেও এর সরঞ্জাম আমদানি নিষিদ্ধ নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে নিষিদ্ধ পণ্যের তালিকায় ক্যাসিনো কিংবা জুয়া খেলার সরঞ্জামের নাম নেই। ফলে আইনের এই ফাঁক গলে কেউ ক্যাসিনোর সরঞ্জাম কিংবা খেলার সরঞ্জাম নামে এগুলো আমদানি করেছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সেগুন বাগিচায় এনবিআর ভবনে নিজ কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। চেয়ারম্যান বলেন, 'এসব সরঞ্জাম এখন থেকে খালাস বন্ধ করতে কাস্টমস হাউজগুলোতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানি নীতি আদেশে এগুলো নিষিদ্ধ পণ্যের তালিকায় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে আগামী সপ্তাহ নাগাদ প্রস্তাব পাঠাব।' তিনি বলেন, 'আমদানি নীতিতে ক্যাসিনো সরঞ্জাম নিষিদ্ধ নয় কিন্তু যেহেতু দেশে জুয়া অবৈধ, সেহেতু কোনোভাবেই এসব সরঞ্জাম আমদানি বৈধ হওয়ার সুযোগ নেই।'