
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন নিয়ে কাজ করছেন। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত নৌপথ সংযোজনের লক্ষ্যে পুনর্ভবা, আত্রাই, পদ্মা, গড়াই নদীসহ অন্য নদীগুলো খনন করা হবে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বিশ্ব নৌ-দিবস উপলক্ষে ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প এবং নৌপরিবহনের অগ্রগতি’ শীর্ষক এক সেমিনার প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী নৌপরিবহন সেক্টরকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন জানিয়ে তিনি বলেন, গত ১০ বছরে নৌপরিবহন সেক্টরে যে উন্নতি হয়েছে বিগত সময়ে তা হয়নি। শেখ হাসিনার সৃষ্টি পায়রা বন্দর নিয়ে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ স্বপ্ন দেখছে। সেখানে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ছয়টি জাহাজ সংগ্রহ করেছে, আরও ১০টি জাহাজ সংগ্রহের কাজ চলমান। শুধু অর্থনীতি নয়, কর্মক্ষেত্রের সুযোগ ও সম্ভাবনা নিয়ে কাজ করছে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে নৌবাহিনীর বহরে সাবমেরিন ও ফ্রিগেড যুক্ত হয়েছে। বিআইডব্লিউটিএ অনেক জাহাজ রেডিমেড না কিনে দেশীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী যুগোপযোগী কর্মসূচি দিচ্ছেন। তিনি নেভাল আর্কিটেক্টদের উদ্দেশে বলেন, হতাশা নয়, বাংলাদেশের নেভাল আর্কিটেক্টরা কর্মদক্ষতা দিয়ে বিশ্বে জায়গা করে নেবে, বাংলাদেশকে তুলে ধরবে।