
নিউজ ডেস্কঃ পুরনো একটি ক্রেন সরিয়ে নেয়ার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে প্লাটফর্ম ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে মোংলা বন্দরের ৬ নম্বর জেটি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেটির মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন কাজ করার সময় তাদের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর সূত্রে জানা যায়, বন্দরের জেটিতে থাকা পুরাতন ও অকেজো হওয়ায় গত মাসের শেষের দিকে ৬টি পুরাতন ক্রেন ও ২টি ফরকিপ প্রায় কোটি টাকা মূল্যে নিলামে বিক্রি করে মোংলা বন্দর কর্তৃপক্ষ। নিলাম গ্রহীতা স্থানীয় স্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানী বৃহস্পতিবার বিকালে ক্রেনটি কেটে সরানোর চেষ্টা করছিল কিন্ত কাজের শেষ সময় সন্ধ্যার দিকে ক্রেনটি পড়ে যায় জেটির প্লাটফর্মের উপর। এতে বন্দরের ৬ নম্বর জেটি ফেটে কিছু অংশ ডেবে যায় এবং রেলিং’র বেশ কিছু অংশ ভেঙ্গে নদীতে পড়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের তৃতীয় শ্রেণির এক কর্মচারী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর অদক্ষ লোক দিয়ে কাজ করানোর কারণে এমন দূর্ঘটনা ঘটে। আর বন্দরের সংশ্লিষ্ট দপ্তরের তদারকি আর নিলামকারী প্রতিষ্ঠানের গাফিলতি এমন দুর্ঘটনা হয়েছে।