News71.com
 Bangladesh
 26 Sep 19, 12:57 PM
 77           
 0
 26 Sep 19, 12:57 PM

বুড়িগঙ্গায় ধোয়া হচ্ছে হাসপাতালের কাপড়॥ ছড়াচ্ছে সংক্রমণ

বুড়িগঙ্গায় ধোয়া হচ্ছে হাসপাতালের কাপড়॥ ছড়াচ্ছে সংক্রমণ

নিউজ ডেস্কঃ একটা সময় সাধারণত উচ্চ বর্ণ বা ধনাঢ্য পরিবারের সদস্যদের পরিধেয় বস্ত্র বুড়িগঙ্গার পানিতে পরিষ্কার করে জীবিকা নির্বাহ করতেন ধোপারা। সময়ের পরিক্রমায় দূষিত হয়েছে বুড়িগঙ্গা, তবে এখনও ব্যক্তি ও প্রতিষ্ঠান ভেদে এখানে বিভিন্ন লন্ড্রি ও গার্মেন্টস ফ্যাক্টরির কাপড় ধোয়া হয়। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এমন নোংরা পানিতেও পরিষ্কার করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে প্রতিদিন ব্যবহার করা কাপড়গুলোও! অপারেশন থিয়েটারে ব্যবহৃত চাদর, মাস্ক, পর্দা থেকে শুরু করে বিছানার চাদর, বালিশের কাভার, জানালা-দরজার পর্দা যাবতীয় কাপড় এই নোংরা পানিতে পরিষ্কার করা হয়। জানা যায়, ঢাকা মেডিকেল থেকে শুরু করে অভিজাত যত হাসপাতাল আছে সব হাসপাতালের কাপড়ই এখানে পরিষ্কার করেন তারা। টেন্ডারের মাধ্যমে কাজগুলো অন্যদের বুঝিয়ে দিয়েই দায়িত্ব ছেড়ে দেয় হাসপাতালগুলো। কোন ধরণের নজরদারি নেই।

অপারেশন থিয়েটারে ব্যবহার করা রক্তাক্ত কাপড় এবং কফ-থুতুসহ ডায়রিয়া, টাইফয়েড ও কলেরার মতো রোগ জীবাণু পানির সাথে মিশে যাচ্ছে। ঘাটগুলো ঘুরে দেখা যায়, অতিমাত্রায় ব্লিচিং পাউডার মেশানো নানা কাপড়ও ধোয়া হচ্ছে নদীর পানিতে। এতে করে তীব্র ও ঝাঁঝালো গন্ধে সেখানে অবস্থান করাও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অত্যন্ত ক্ষতিকারক কেমিকেল যুক্ত ব্লিচিং পাউডারের কারণে যেমন চার পাশের পরিবেশ হুমকির মুখে তেমনি নদীর পানি ও জীব-বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন