
নিউজ ডেস্কঃ ক্যাসিনো সরঞ্জাম আমদানিকরনে পাঁচটি প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানগুলো হলো- এ এম ইসলাম অ্যান্ড সন্স, নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল, পুষ্পিতা এন্টারপ্রাইজ, এথ্রি ট্রেড ইন্টারন্যাশনাল ও একটি পেপার মিল। সূত্র জানায়, আলোচ্য পাঁচটি প্রতিষ্ঠানের বাইরে আরো কোনো প্রতিষ্ঠান ক্যাসিনো সরঞ্জাম আমদানির সাথে জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, আমদানিনীতি অনুযায়ী যে ধরনের ব্যবসার কোনো বৈধতা দেশে নেই, ওই ধরনের ব্যবসার উপকরণ আমদানিরও কোনো বৈধতা নেই। সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ বিষয়ে গতকাল বুধবার জানান, এনবিআরের মাধ্যমে যেসব প্রতিষ্ঠান শনাক্ত করা গেছে ওই প্রতিষ্ঠানগুলোর বিগত কয়েক বছরের ব্যাংক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। তারা আমদানির সময় ক্যাসিনো সামগ্রী নিয়ে কী ঘোষণা দিয়েছিল আমদানি ঋণপত্রে তা তদারকি করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো অর্থ পাচার হয়েছে কি না তাও তদারকি করা হবে। একই সাথে আরো কোনো প্রতিষ্ঠান জড়িত আছে কি না তা বের করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।